স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রাক্তন অধিনায়ক ইমরান খানের (Imran Khan) শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফের চিঠি লিখলেন বিশ্বের ২১ জন প্রাক্তন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন ভারতের সুনীল গাভাস্কর (Sunil Gavaskar), কপিল দেব (Kapil Dev) ও দিলীপ বেঙ্গসরকর। চিঠিতে ইমরানের ‘মানবিক চিকিৎসা এবং যথাযথ যত্ন’ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
গত ২৩ অগাস্ট প্রাক্তন ক্রিকেটারদের এই চিঠি প্রকাশ্যে আসে। সম্প্রতি জেল থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ইমরানকে। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ফের আদিয়ালা জেলে পাঠানো হয়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁর যথাযথ চিকিৎসার জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটারেরা।
চিঠিতে তাঁরা স্পষ্ট করেছেন, কোনও রাজনৈতিক অবস্থান থেকে নয়, ক্রিকেটার হিসেবে ইমরানের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের কথা মাথায় রেখেই এই আবেদন করা হচ্ছে। প্রাক্তন ক্রিকেটারদের বক্তব্য, ক্রিকেট মাঠের সম্পর্ক এবং বন্ধুত্বের কোনও রাজনৈতিক সীমানা নেই।
চিঠিতে লেখা হয়েছে, ছয় মাস আগে ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক শাহবাজ় শরিফ এবং পাকিস্তান সরকারের কাছে চিঠি লিখে ইমরানের যথাযথ চিকিৎসা ও শারীরিক যত্নের আবেদন করেছিলেন। সেই সময়ও তাঁরা রাজনীতিবিদ হিসেবে নয়, প্রাক্তন সতীর্থ হিসেবে চিঠি লিখেছিলেন। সাম্প্রতিক ঘটনাবলির পর আরও কয়েক জন প্রাক্তন অধিনায়ককে সঙ্গে নিয়ে তাঁরা ফের একই আবেদন জানালেন।
চিঠিতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। প্রাক্তন ক্রিকেটারদের দাবি, আদালত ইমরানকে হাসপাতালে ভর্তি করে একটি মেডিক্যাল বোর্ডের মাধ্যমে তাঁর স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দিয়েছিল। সেই বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক এবং তাঁর বোন উজমা খানকেও রাখার কথা ছিল। পাশাপাশি, পরিবারের সদস্যদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের ব্যবস্থার নির্দেশও দিয়েছিল আদালত।
প্রাক্তন ক্রিকেটারদের দাবি, তাঁরা সুপ্রিম কোর্টের ওই নির্দেশকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু তাঁদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইমরানকে ফের জেলে পাঠানো হয়। তাঁদের দাবি, সরকারি চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করলেও আদালতের নির্দেশ অনুযায়ী মেডিক্যাল বোর্ড তার কাজ সম্পূর্ণ করার সুযোগ পায়নি। এরপর তাঁকে ‘শারীরিক ভাবে সুস্থ’ ঘোষণা করে আদিয়ালা জেলে ফেরানো হয়।
চিঠিতে আরও দাবি করা হয়েছে, আদালতের নির্দেশ পুরোপুরি মানা হয়নি বলে অভিযোগ করেছেন ইমরানের বোন উজমা খানও। এই পরিস্থিতিতে ইমরানের চিকিৎসা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারেরা।
তাঁদের মূলত তিনটি দাবি রয়েছে। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত মেডিক্যাল বোর্ডের মাধ্যমে ইমরানের স্বাধীন ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষা করতে হবে। দ্বিতীয়ত, আদালতের নির্দেশ মেনে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী অবিলম্বে ইমরানের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
এই চিঠিতে ইংল্যান্ডের মাইক আথারটন, মাইক ব্রিয়ারলি, অ্যালিস্টার কুক, ডেভিড গাওয়ার, নাসের হুসেন ও অ্যান্ড্রু স্ট্রস; অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, কিম হিউজ ও স্টিভ ওয়; ভারতের কপিল দেব, সুনীল গাভাস্কর ও দিলীপ বেঙ্গসরকর; ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড; শ্রীলঙ্কার অর্জুন রণতুঙ্গা এবং নিউজিল্যান্ডের জন রাইট-সহ মোট ২১ জন প্রাক্তন ক্রিকেটার স্বাক্ষর করেছেন।
ইমরান খানের শারীরিক অবস্থা এবং জেলে তাঁর চিকিৎসা নিয়ে এর আগেও আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এবার একসঙ্গে ২১ জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারের চিঠিতে সেই উদ্বেগ ফের প্রকাশ্যে এল। ক্রিকেটের মাঠে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ও বন্ধুত্বের স্মৃতি তুলে ধরে তাঁরা রাজনৈতিক বিতর্কের বাইরে থেকে ইমরানের চিকিৎসা ও মানবিক যত্ন নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।











