ওয়েব ডেস্ক: দক্ষিণী অভিনেত্রী নয়নতারা (Nayanthara) কি তিরুমালা মন্দিরে গিয়ে মস্তক মুণ্ডন করেছেন? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একগুচ্ছ ছবি ঘিরে সম্প্রতি এমনই জল্পনা তৈরি হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মাথায় একটিও চুল নেই অভিনেত্রীর। কিন্তু সত্যিই কি ‘টক্সিক’ মুক্তির আগে চুল বিসর্জন দিয়েছেন নয়নতারা? খোঁজ নিয়ে জানা গিয়েছে, ভাইরাল হওয়া ছবিগুলি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে ছবিগুলি বিকৃত করে তৈরি করা হয়েছে।
চলতি বছরের এপ্রিল মাসে স্বামী ভিগ্নেশ শিবনের সঙ্গে তিরুমালা মন্দিরে গিয়েছিলেন নয়নতারা। সেই সফরের সময় তোলা কিছু ছবিই সম্প্রতি সমাজমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ে। তবে মূল ছবিগুলিতে অভিনেত্রীর মাথায় চুল স্পষ্ট ভাবেই দেখা যায়। ভাইরাল ছবিতে তাঁর পোশাক এবং কানের দুল অপরিবর্তিত রাখা হলেও কৃত্রিম প্রযুক্তির সাহায্যে চুল মুছে দিয়ে তাঁকে মস্তক মুণ্ডিত অবস্থায় দেখানো হয়েছে।
ছবিগুলি ছড়িয়ে পড়ার পর অনেকেই দাবি করেন, ‘টক্সিক’ ছবির মুক্তির আগে তিরুমালায় গিয়ে নয়নতারা চুল বিসর্জন দিয়েছেন। পরে ছবিগুলি খতিয়ে দেখে নেটাগরিকদের একাংশের নজরে আসে, ছবিতে এআই-নির্মিত বিকৃতির চিহ্ন রয়েছে। ফলে নয়নতারা সত্যিই মাথা ন্যাড়া করেছেন—এই দাবির কোনও ভিত্তি নেই।
এ দিকে নয়নতারা এখন ব্যস্ত তাঁর একাধিক গুরুত্বপূর্ণ ছবির কাজে। যশ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’-এ তাঁকে দেখা যাবে ‘গঙ্গা’ চরিত্রে। ছবির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই তাঁর চরিত্র নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। শোনা যাচ্ছে, ছবিতে যশের দিদির ভূমিকায় অভিনয় করবেন নয়নতারা।
পরিচালক গীতু মোহনদাসও জানিয়েছেন, ‘গঙ্গা’ চরিত্রের মাধ্যমে দর্শক নয়নতারার এক অন্য রূপ দেখতে পাবেন। যশের সঙ্গে এই ছবিতেই প্রথম বার জুটি বাঁধছেন অভিনেত্রী। প্রকাশ্যে আসা ছবির ঝলকেও তাঁর উপস্থিতি ইতিমধ্যেই নজর কেড়েছে।
তাই ভাইরাল ছবিকে ঘিরে তৈরি হওয়া জল্পনায় কান না দিয়ে আপাতত ‘টক্সিক’-এ নয়নতারার নতুন অবতার দেখার অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা।











