Home News ২৪ ঘণ্টার ডেডলাইন, ‘হিন্দুত্ববাদী’ না মুছলে বিকাশের বিরুদ্ধে চরম ব্যবস্থার হুঁশিয়ারি শুভেন্দুর

২৪ ঘণ্টার ডেডলাইন, ‘হিন্দুত্ববাদী’ না মুছলে বিকাশের বিরুদ্ধে চরম ব্যবস্থার হুঁশিয়ারি শুভেন্দুর

0
258

কলকাতা: সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। হামলার নেপথ্যে ‘হিন্দুত্ববাদী’ দুষ্কৃতীদের হাত রয়েছে বলে সোশাল মিডিয়ায় দাবি করেছিলেন বিকাশ। তাঁর সেই পোস্টের বিরোধিতা করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তদন্তের আগেই এ ধরনের মন্তব্য করে গোটা সনাতনী হিন্দু সমাজকে অপমান করা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। হামলার ঘটনার তদন্তের পাশাপাশি বিকাশের মন্তব্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কী ঘটেছিল বিকাশরঞ্জনের বাড়িতে?

ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায় বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি। অভিযোগ, বৃহস্পতিবার সকালে কয়েক জন যুবক বাইকে চড়ে তাঁর বাড়ির সামনে আসে। তাঁদের মুখ ঢাকা ছিল বলে দাবি করেছেন বাম নেতা। এমনকি, বাইকের নম্বর প্লেটও কালো কাপড় দিয়ে ঢাকা ছিল বলে অভিযোগ।

বিকাশরঞ্জনের অভিযোগ, আচমকাই তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর ইট ও মদের বোতল ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। হামলায় বাড়ির জানলার কাচও ভেঙে যায়। গোটা ঘটনাটি পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এই ঘটনার পরই সোশাল মিডিয়ায় সরব হন বিকাশরঞ্জন। তাঁর দাবি, বাড়িতে হামলার নেপথ্যে রয়েছে ‘হিন্দুত্ববাদী’ দুষ্কৃতীরা। তবে তদন্ত শেষ হওয়ার আগেই হামলাকারীদের রাজনৈতিক বা আদর্শগত পরিচয় নিয়ে এমন মন্তব্য করায় শুরু হয়েছে বিতর্ক।

‘সনাতনী হিন্দু সমাজকে অপমান’, পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর

বিকাশরঞ্জনের সোশাল মিডিয়া পোস্টের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, হামলার ঘটনার তদন্ত অবশ্যই হবে। তাঁর নির্দেশে পুলিশ ইতিমধ্যেই এক জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলেও দাবি করেন তিনি। তবে তদন্তের আগেই কীভাবে বিকাশরঞ্জন হামলার জন্য ‘হিন্দুত্ববাদীদের’ দায়ী করলেন, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দুর অভিযোগ, এ ধরনের মন্তব্যের মাধ্যমে গোটা হিন্দু সমাজকে অপমান করেছেন বর্ষীয়ান আইনজীবী। হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করার পাশাপাশি বিকাশরঞ্জনের মন্তব্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, গেরুয়া, সনাতন, হিন্দুত্ব এবং রাষ্ট্রবাদী ভাবধারার বিরুদ্ধে আঙুল তোলা হলে তার জবাব দেওয়া হবে। বিকাশরঞ্জনের সোশাল মিডিয়া পোস্ট থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি মুছে ফেলার সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। অন্যথায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।

বিকাশের বিরুদ্ধে জোড়া এফআইআর

এই বিতর্কের মধ্যেই বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে ইতিমধ্যে দু’টি এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। তবে কোন অভিযোগের ভিত্তিতে এফআইআরগুলি দায়ের হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে, তাঁর বাড়িতে হামলার ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার পিছনে কারা রয়েছে, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এর সঙ্গে কোনও সংগঠিত গোষ্ঠীর যোগ রয়েছে কি না, তদন্তে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here