ওয়েব ডেস্ক: দক্ষিণী বিনোদনজগতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারানের বিয়ে ঘিরে (Anirudh Ravichander – Kavya Maran Wedding) চর্চা অব্যাহত। গত ১১ নভেম্বর গ্রিসের মনোরম পরিবেশে ঘনিষ্ঠ পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নবদম্পতিকে নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। তবে এ বার বিয়ের অনুষ্ঠানের থেকেও বেশি আলোচনায় তাঁদের জমকালো প্রীতিভোজ। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বসতে চলেছে সেই বিশেষ আসর। অতিথি তালিকায় রয়েছেন রাজনীতি, বিনোদন এবং ক্রিকেটজগতের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব।
কাব্যের বাবা তথা সান গ্রুপের চেয়ারম্যান কলানিধি মারান মেয়ের বিয়ের আনন্দ ভাগ করে নিতে দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আমন্ত্রণ জানানো হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়কেও। পাশাপাশি উপস্থিত থাকতে পারেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মারান পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা সর্বজনবিদিত।
এ ছাড়াও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। ফলে ২১ নভেম্বরের এই প্রীতিভোজে দেশের রাজনৈতিক মহলের একাধিক পরিচিত মুখের সমাগম হতে পারে।
রাজনীতির পাশাপাশি বিনোদনজগতের তারকাদের উপস্থিতিও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে। অনিরুদ্ধের সঙ্গে রজনীকান্তের পারিবারিক সম্পর্ক রয়েছে। তাই প্রীতিভোজে দক্ষিণী সুপারস্টারের উপস্থিতি নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খানও। উল্লেখ্য, শাহরুখ অভিনীত ‘জওয়ান’ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অনিরুদ্ধ। হিন্দি ছবিতে সুরকার হিসেবে সেটিই ছিল তাঁর প্রথম কাজ। ফলে শাহরুখের উপস্থিতি ঘিরেও অনুরাগীদের মধ্যে আগ্রহ রয়েছে।
এ ছাড়াও অনুষ্ঠানে হাজির থাকতে পারেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। অনিরুদ্ধের সঙ্গে তাঁর কাজের সূত্রে পরিচয় এবং সুসম্পর্ক রয়েছে। পাশাপাশি কাব্যের আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারদেরও এই অনুষ্ঠানে দেখা যেতে পারে। ফলে ক্রিকেটজগতের তারকাদের উপস্থিতিও প্রীতিভোজের আকর্ষণ বাড়াবে।
উল্লেখ্য, গ্রিসের মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিচিতদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সেরেছেন অনিরুদ্ধ ও কাব্য। নবদম্পতির বিয়ের সাজ ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। এ বার চেন্নাইয়ের প্রীতিভোজে কোন কোন তারকা হাজির হন, সেদিকেই নজর বিনোদন ও ক্রীড়াপ্রেমীদের।











