ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে বড়সড় প্রযুক্তিগত বিভ্রাটের মুখে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্ট (Microsoft)। আউটলুকের মাধ্যমে ইমেল পাঠানো যাচ্ছে না। একই সঙ্গে অচল হয়ে পড়েছে মাইক্রোসফ্ট টিমস এবং মাইক্রোসফ্ট ৩৬৫-এর একাধিক পরিষেবা। ভারত-সহ মোট ৭৪টি দেশ ও অঞ্চল থেকে বিভ্রাটের খবর পাওয়া গিয়েছে। হাজার হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন। এর জেরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি দফতর, স্কুল এবং বিমান সংস্থার কাজকর্ম ব্যাহত হয়েছে। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফ্টের পরিষেবায় অন্যতম বড় বিভ্রাট বলে মনে করা হচ্ছে এই ঘটনাকে।
বিভ্রাটের সূত্রপাত বৃহস্পতিবার, ১২ নভেম্বর। শুক্রবার, ১৩ নভেম্বর পর্যন্ত সমস্যার রেশ অব্যাহত থাকে। বিভ্রাটের মাত্রা সবচেয়ে বেশি বেড়ে যায় যখন পরিষেবা বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এ প্রায় ১ লক্ষ ৩০ হাজার অভিযোগ জমা পড়ে। ব্যবহারকারীদের অভিযোগ, ভারতীয় সময় রাত সাড়ে ১১টার পর থেকেই আউটলুক ব্যবহার করতে গিয়ে সমস্যা শুরু হয়। কেউ ইনবক্স খুলতে পারেননি, কেউ আবার ইমেল পাঠাতে ব্যর্থ হয়েছেন। মাইক্রোসফ্ট টিমসের মতো কর্মক্ষেত্রে যোগাযোগের অ্যাপ্লিকেশন ব্যবহার করতেও সমস্যায় পড়েন অনেকে।
মাইক্রোসফ্ট ৩৬৫-এর উপর নির্ভরশীল বিভিন্ন প্রতিষ্ঠানের কাজেও এর প্রভাব পড়েছে। দফতরের নথিপত্র আদান-প্রদান, ইমেল যোগাযোগ থেকে শুরু করে প্রশাসনিক কাজের বড় অংশই এই পরিষেবার মাধ্যমে পরিচালিত হয়। ফলে প্রযুক্তিগত বিভ্রাটের প্রভাব শুধু ব্যক্তিগত ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি।
কেন বিপর্যস্ত মাইক্রোসফ্টের পরিষেবা?
প্রাথমিক ভাবে একটি কনফিগারেশন পরিবর্তন থেকেই সমস্যার সূত্রপাত বলে মনে করা হচ্ছে। ওই পরিবর্তনের ফলে কয়েকটি সার্ভারের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এক সময় সেগুলি কার্যত অচল হয়ে পড়ে। মাইক্রোসফ্টের প্রাথমিক বিবৃতিতেও পরিকাঠামোর উপর অতিরিক্ত চাপ এবং সংযোগজনিত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত সার্ভারগুলি কাজ করা বন্ধ করে দেওয়ায় ব্যবহারকারীদের অন্য সার্ভারে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাতে অবশিষ্ট সার্ভারগুলির উপর চাপ আরও বেড়ে যায়। ফলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা সম্ভব হয়নি। মাইক্রোসফ্টের দাবি, এই বিভ্রাটের পিছনে সাইবার হামলার কোনও প্রমাণ মেলেনি। বরং অভ্যন্তরীণ পরিকাঠামো এবং কনফিগারেশন সংক্রান্ত সমস্যাই এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
সার্ভার সচল করেও বিপত্তি, কেন সময় লাগছে মেরামতিতে?
বিভ্রাট সামাল দিতে গিয়ে আরও জটিল পরিস্থিতির মুখে পড়েছেন মাইক্রোসফ্টের ইঞ্জিনিয়ারেরা। সংস্থার তরফে জানানো হয়েছে, কিছু সার্ভার পুনরায় অনলাইন করার পর সেখানে ব্যবহারকারীদের ট্রাফিক ফিরতেই সেগুলি আবার কাজ করা বন্ধ করে দেয়। ফলে একাধিক বার একই সমস্যার পুনরাবৃত্তি ঘটেছে।
এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সার্ভারগুলিতে ট্রাফিকের পরিমাণ নিয়ন্ত্রণ, নির্দিষ্ট সফ্টওয়্যার কনফিগারেশন আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া এবং পরিকাঠামোর ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছেন ইঞ্জিনিয়ারেরা। পাশাপাশি বিকল্প সার্ভারে ট্রাফিক সরিয়ে পরিষেবা সচল রাখার উদ্যোগও নেওয়া হয়েছে।
তবে সার্ভার অনলাইন হয়ে গেলেই যে সমস্ত পরিষেবা সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যাবে, এমন নয়। পরিকাঠামো পুনরুদ্ধারের পরেও বিভিন্ন অ্যাপ্লিকেশনের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন, তথ্যের সমন্বয় এবং স্বাভাবিক কার্যক্ষমতায় ফিরতে কিছুটা সময় লাগতে পারে। বিভ্রাট এত দীর্ঘস্থায়ী হওয়ার নির্দিষ্ট কারণ বা সম্পূর্ণ পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনও সময়সীমা এখনও জানায়নি মাইক্রোসফ্ট।
কোন কোন পরিষেবা প্রভাবিত?
মাইক্রোসফ্টের এই প্রযুক্তিগত বিভ্রাটে একাধিক জনপ্রিয় পরিষেবা প্রভাবিত হয়েছে। তালিকায় রয়েছে—
- আউটলুক
- মাইক্রোসফ্ট টিমস
- মাইক্রোসফ্ট ৩৬৫
- ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট
- ওয়ানড্রাইভ ও শেয়ারপয়েন্ট
- মাইক্রোসফ্ট কোপাইলট
- মাইক্রোসফ্টের নিজস্ব পরিষেবার বাইরেও এই বিভ্রাটের প্রভাব পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংস্থা ওপেনএআই এবং অ্যানথ্রপিকও মাইক্রোসফ্ট ৩৬৫ কানেক্টর সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছে।
ভারতেও প্রভাব, বাতিল স্পাইসজেটের তিনটি বিমান
মাইক্রোসফ্টের পরিষেবা বিপর্যয়ের প্রভাব পড়েছে ভারতের বিমান চলাচলেও। শুক্রবার সকালে দিল্লি থেকে স্পাইসজেটের তিনটি বিমান বাতিল করা হয়েছে। বাতিল হওয়া বিমানগুলির গন্তব্য ছিল পুণে, লেহ এবং মুম্বই। এ ছাড়া দ্বারভাঙা ও মুম্বইগামী স্পাইসজেটের আরও দু’টি বিমানের যাত্রা বিলম্বিত হয়েছে।
অন্য দিকে, এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মাইক্রোসফ্টের বিভ্রাটে তাদের বিমান পরিচালনায় কোনও প্রভাব পড়েনি। তবে যাত্রীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, সে জন্য ইমেল ট্রাফিক সাময়িক ভাবে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক কর্মক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রযুক্তি সরবরাহকারীর উপর অতিরিক্ত নির্ভরশীলতা বড় ঝুঁকি তৈরি করতে পারে। একটি সার্ভার বা নেটওয়ার্কের সমস্যাই যখন একাধিক পরিষেবাকে প্রভাবিত করে, তখন তার অভিঘাত ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। মাইক্রোসফ্টের সাম্প্রতিক বিভ্রাট সেই ঝুঁকিকেই ফের সামনে নিয়ে এল। পাশাপাশি বিভিন্ন সংস্থার ক্ষেত্রে বিকল্প যোগাযোগ ব্যবস্থা এবং জরুরি পরিষেবা চালু রাখার প্রয়োজনীয়তাও নতুন করে আলোচনায় উঠে এসেছে।











