ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল দুই জঙ্গি। মৃতদের দু’জনেই পাকিস্তানী জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার সদস্য বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছে লশকর কমান্ডার লতিফ ভাটও। সম্প্রতি কুলগামে সিআরপিএফের ছাউনিতে হামলার ঘটনায় এই দুই জঙ্গি জড়িত ছিল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।
গত বুধবার জম্মু ও কাশ্মীরের কুলগামের মীর বাজারের কাছে আখরান এলাকায় সিআরপিএফের ৪৬ নম্বর ব্যাটালিয়নের নাকা পার্টিতে হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনার পর থেকেই হামলাকারীদের খোঁজে দক্ষিণ কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
দীর্ঘ তল্লাশির পর কুলগামের লারু গ্রামে সন্দেহজনক গতিবিধির খবর পান জওয়ানেরা। সেই খবরের ভিত্তিতে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত ওই সংঘর্ষেই মৃত্যু হয় দুই জঙ্গির।
জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, এই অভিযান যৌথ ভাবে চালায় সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। অভিযানে অংশ নেয় কাশ্মীর পুলিশের এলিট স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-ও।
সিআরপিএফের নাকা পার্টিতে হামলার পর থেকেই অভিযুক্ত জঙ্গিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে দুই জঙ্গির মৃত্যু উপত্যকায় জঙ্গিদমন অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে।











