ওয়েব ডেস্ক: বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। চিকিৎসকদের পরামর্শ মেনে কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে বিশ্রামে ছিলেন তিনি। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছিল অনুরাগীদের মধ্যে। তবে আপাতত সেই বিরতি কাটিয়ে ফের কাজে ফেরার প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সঞ্চালকের আসনে আবার দেখা যাবে তাঁকে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘কেবিসি ১৮’-এর নতুন প্রচার-ঝলক। সেখানেই অনুরাগীদের ভালবাসা, প্রার্থনা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অমিতাভ। ঝলকের শুরুতেই দর্শককে দীপাবলির শুভেচ্ছা জানাতে দেখা যায় তাঁকে। পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি অভিনেতা জানান, তাঁর আরও একটি পরিবার রয়েছে। সেই পরিবার হল ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঙ্গে যুক্ত প্রতিযোগী, দর্শক এবং অনুরাগীরা।
প্রচার-ঝলকে ধরা পড়েছে অভিনেতার সঙ্গে এক প্রতিযোগীর কথোপকথনও। হটসিটে বসে ওই প্রতিযোগী সরাসরি অমিতাভের শারীরিক অবস্থার খোঁজ নেন। তবে নিজের কথা না বলে উল্টে প্রতিযোগীর কাছে তাঁর ভাল থাকার খবর জানতে চান অভিনেতা। প্রতিযোগী সুস্থ থাকার কথা জানালে অমিতাভ বলেন, “আপনি ভাল থাকলে আমরাও ভাল আছি।” তাঁর এই কথাতেই ধরা পড়েছে প্রতিযোগীদের প্রতি বরাবরের মতোই আন্তরিকতা।
এর পরেই দর্শক ও অনুরাগীদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেন অমিতাভ। তাঁদের ভালবাসা, প্রার্থনা এবং আশীর্বাদই তাঁকে আবার কাজে ফেরার শক্তি জুগিয়েছে বলে জানান তিনি। একই উদ্যম, একই হাসি এবং নতুন পর্বের সম্ভার নিয়ে ফের দর্শকের সামনে হাজির হওয়ার বার্তাও দিয়েছেন অভিনেতা।
উল্লেখ্য, গত মাসে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে কয়েক দিনের বিশ্রাম নিয়েছিলেন অমিতাভ। তাঁর কাজের ব্যস্ত সূচিতেও সাময়িক বিরতি পড়েছিল। সেই সময় ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিংও বন্ধ রাখা হয়েছিল বলে খবর। পরিবর্তে চ্যানেলের তরফে সম্প্রচার করা হচ্ছিল পুরনো পর্ব। ফলে প্রিয় সঞ্চালককে নতুন পর্বে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন দর্শকেরা।











