Durga Puja Weather Update | পুজোতেও বৃষ্টি, ৬ দিন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে?

spot_img
spot_img

কলকাতা: দুর্গাপুজোর প্রস্তুতি যখন তুঙ্গে, তখনই বৃষ্টির পূর্বাভাসে (Durga Puja Weather Update) কিছুটা হলেও চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষের কপালে। শুক্রবার বিকেলে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ আবহাওয়া বুলেটিন প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। মহালয়া থেকে একাদশী পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, তার বিস্তারিত পূর্বাভাস দেওয়া হয়েছে ওই বুলেটিনে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে পুজোর কয়েকটি দিন ছাতা সঙ্গে নিয়েই ঠাকুর দেখতে বেরোনোর পরামর্শ দিচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। তবে নবমী থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। সেই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ থেকে ১৭ অক্টোবর, অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী এবং প্রথম সপ্তমীতে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর পর ১৮ ও ১৯ অক্টোবর, অর্থাৎ দ্বিতীয় সপ্তমী এবং অষ্টমীতেও দক্ষিণবঙ্গের কোনও জেলাই পুরোপুরি বৃষ্টির আশঙ্কামুক্ত নয়। সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

তবে স্বস্তির খবর রয়েছে পুজোর শেষ পর্বে। ২০ থেকে ২২ অক্টোবর, অর্থাৎ নবমী, দশমী এবং একাদশীতে দক্ষিণবঙ্গে মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। এই তিন দিনে বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

কলকাতার পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

কলকাতার জন্য আলাদা করে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মহালয়ার দিন শহরের আকাশ মূলত মেঘলা থাকতে পারে। কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। তবে ১১ থেকে ১৩ অক্টোবর, অর্থাৎ তৃতীয়া পর্যন্ত কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

চতুর্থীতে শহরের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। এর পর পঞ্চমী, ষষ্ঠী এবং প্রথম সপ্তমীতে, অর্থাৎ ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়ে শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে।

১৮ ও ১৯ অক্টোবর, অর্থাৎ দ্বিতীয় সপ্তমী এবং অষ্টমীতেও কলকাতার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে ২০ অক্টোবর, নবমী থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ফলে পুজোর শেষ কয়েকটি দিনে নির্বিঘ্নে ঠাকুর দেখার সুযোগ মিলতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। মহালয়ার দিন উত্তরবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তার পর থেকে পঞ্চমী পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

ষষ্ঠী এবং সপ্তমীতে, অর্থাৎ ১৬ ও ১৭ অক্টোবর উত্তরবঙ্গের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এর পর ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, দুর্গাপুজোর প্রথম কয়েকটি দিন দক্ষিণবঙ্গের পুজোপ্রেমীদের বৃষ্টির সঙ্গে কিছুটা মানিয়ে নিতে হতে পারে। বিশেষ করে পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত ঠাকুর দেখতে বেরোনোর আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তবে নবমী থেকে একাদশী পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকার পূর্বাভাসে পুজোর শেষ পর্বে স্বস্তির আশাও দেখছেন অনেকে।

spot_img
spot_img

More like this

Lifestyle

Kali Puja 2026 | কালীপুজোয় রাতভর চলবে ট্রেন! জানুন বিস্তারিত

কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার আলোর উৎসবে মাততে প্রস্তুত বঙ্গবাসী। চলতি সপ্তাহান্তেই কালীপুজো (Kali Puja 2026)। আর কালীপুজো বলতেই বারাসত ও নৈহাটির কথা...

India to Canada | ভারতীয়দের জন্য আরও সহজ হল কানাডা যাত্রা, কীভাবে?

ওয়েব ডেস্ক: কাজের সূত্রে হোক কিংবা পড়াশোনা বা নিছক বেড়ানোর উদ্দেশ্যে, ভারত থেকে কানাডায় যাতায়াত করেন বহু মানুষ। তাঁদের জন্য এবার সুখবর! কানাডা যেতে আর...

India vs New Zealand ODI | রোহিত-শুভমন ওপেনিং, বাদ রুতুরাজ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে গম্ভীরের একাদশে বড় চমক

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের লড়াই শেষ। এবার নজর এক দিনের ক্রিকেটে (India vs New Zealand ODI)। আগামী বুধবার, ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ...
spot_img