কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আরও কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করা নিম্নচাপ অঞ্চলটি ইতিমধ্যেই আরও সুস্পষ্ট হয়েছে। নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবারের মধ্যে নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এর পাশাপাশি সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখাও। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং বিহার হয়ে অক্ষরেখাটি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। বাঁকুড়া থেকে দক্ষিণ দিকে বাঁক নিয়ে সেটি বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই দুই আবহাওয়া পরিস্থিতির প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।
দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টি?
সোমবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। ওই দুই জেলাতেও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এ ছাড়া সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই তালিকা থেকে বাদ যাচ্ছে না কলকাতাও। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবণতা কমতে পারে। বুধবারের পর দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি।
উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা
নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর এখনও উত্তাল। উপকূলের কাছে ঝোড়ো হাওয়া বইছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূলে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশও রয়েছে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সতর্কতা থাকতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে অবশ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতার তাপমাত্রা
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম।
নিম্নচাপের প্রভাবে আপাতত কলকাতায় আর্দ্রতা ও মেঘলা আবহাওয়া বজায় থাকার পাশাপাশি দফায় দফায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।











