ওয়েব ডেস্ক: খুলে গেল অন্নপূর্ণা যোজনার পোর্টাল। বুধবার থেকেই অনলাইনে জানা যাচ্ছে, আবেদনপত্র ঠিক কোন পর্যায়ে রয়েছে। সরকারি ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in/-এ গেলেই নিজের আবেদনের বর্তমান অবস্থা জানা যাবে। আবেদন বাতিল হয়ে থাকলে নির্দিষ্ট তথ্য দিয়ে ফের আবেদন করার সুযোগও থাকছে। পাশাপাশি, কোনও অযোগ্য ব্যক্তি অনুদান পেয়ে থাকলে তাঁর বিরুদ্ধেও অভিযোগ জানানো যাবে। তবে অভিযোগ বা পুনরায় আবেদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দেওয়া বাধ্যতামূলক।
কীভাবে দেখবেন অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস?
প্রথমে https://socialregistry.wb.gov.in/ পোর্টালে যেতে হবে। এরপর ‘Citizen/Family Login’ অপশনে ক্লিক করে নিজের জেলা নির্বাচন করতে হবে। তারপর অন্নপূর্ণা যোজনার জন্য যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন, সেই নম্বরটি দিতে হবে।
এরপর সংশ্লিষ্ট মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার OTP পাঠানো হবে। সেই OTP নির্দিষ্ট জায়গায় দিলেই খুলে যাবে নতুন একটি পেজ। সেখানে ‘Beneficiary Status Details’ ক্যাটাগরির অধীনে অন্নপূর্ণা যোজনায় করা আবেদনের পাশে স্ট্যাটাস দেখা যাবে।
সেখানে মূলত তিন ধরনের স্ট্যাটাস দেখানো হবে—
Approved
Under Process
Rejected
Approved দেখালে কী বুঝবেন?
আবেদনের পাশে Approved লেখা থাকলে বুঝতে হবে আবেদনটি অনুমোদিত হয়েছে। ইতিমধ্যেই টাকা পেয়ে থাকলে সেটি স্বাভাবিকভাবেই অ্যাকাউন্টে জমা পড়েছে। আর এখনও টাকা না পেয়ে থাকলে খুব দ্রুত তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
Under Process দেখালে?
Under Process লেখা থাকলে বুঝতে হবে আপনার আবেদন সফলভাবে জমা পড়েছে এবং সেটি যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। প্রয়োজনে কোনও সরকারি আধিকারিক বাড়িতে গিয়ে আবেদনপত্রে দেওয়া তথ্য ও নথি যাচাই করতে পারেন। যাচাই-সহ বাকি প্রক্রিয়া সম্পূর্ণ হলেই যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠানো হবে।
Rejected হলে কী করবেন?
আবেদনের পাশে Rejected লেখা থাকলে এই পোর্টালের মাধ্যমেই প্রয়োজনীয় তথ্য দিয়ে ফের আবেদন করা যাবে। অর্থাৎ, আবেদন বাতিল হলেও নতুন করে নিজের দাবির কথা জানিয়ে আবেদনের সুযোগ থাকছে।
অযোগ্য কেউ টাকা পেলে জানানো যাবে প্রশাসনকে
অন্নপূর্ণা যোজনার পোর্টালে শুধু আবেদনের স্ট্যাটাস দেখার সুবিধাই নয়, অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। পোর্টালের উপরের দিকে রয়েছে ‘Objection & Claim’ অপশন।
সেখানে ক্লিক করলে দু’টি আলাদা অপশন পাওয়া যাবে। আবেদনপত্র বাতিল হলে আবেদনকারী নিজের ফর্মের ভিত্তিতে প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য দিয়ে ফের নিজের নামে আবেদন করতে পারবেন।
অন্যদিকে, কোনও ব্যক্তি অযোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার অনুদান পেয়ে থাকলে সেই তথ্যও সরকারের কাছে জানানো যাবে। তবে উভয় ক্ষেত্রেই অভিযোগ বা দাবির সঙ্গে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। অভিযোগ পাওয়ার পর সমস্ত বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।
১৭ অগাস্ট থেকে টাকা ঢোকা শুরু
উল্লেখ্য, গত ১৭ অগাস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। আগামী ২০ আগস্ট দুপুরের মধ্যে বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে।
এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় মোট প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১ কোটি ৬৬ লক্ষ আবেদনপত্র যাচাই করা হয়েছে। এই আবেদনকারীরা মূলত ১০ জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন।
অন্যদিকে, ১০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, সেই বাকি প্রায় ১৪ লক্ষ আবেদনের যাচাইপর্ব চলছে। যাচাইয়ের পর যাঁদের যোগ্য বলে বিবেচনা করা হবে, তাঁরাও অন্নপূর্ণা যোজনার অনুদান পাবেন। নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার কথা।
যোগ্য হয়েও তালিকা থেকে বাদ পড়লে মিলবে নতুন সুযোগ
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, কোনও যোগ্য উপভোক্তা অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ পড়লে তিনি নতুন পোর্টালের মাধ্যমে ফের আবেদন করতে পারবেন। সেই আবেদন এবং সংশ্লিষ্ট নথি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে প্রশাসন। যাচাইয়ের পর আবেদনকারীকে যোগ্য বলে মনে করা হলে তালিকায় তাঁর নামও যুক্ত করা হবে।
সেই ঘোষণার ভিত্তিতেই এবার খুলে দেওয়া হল অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল। ফলে বাড়িতে বসেই নিজের আবেদনের স্ট্যাটাস জানা থেকে শুরু করে, আবেদন বাতিল হলে ফের দাবি জানানো—সবই করা যাবে অনলাইনে।











