কলকাতা: মহিলাদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojona) আওতায় বরাদ্দ বাড়ানোর পথে রাজ্য সরকার। ধনধান্য অডিটোরিয়াম থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, অন্নপূর্ণা যোজনায় বর্তমান ৩৬ হাজার কোটি টাকার বরাদ্দ যথেষ্ট নয়। মে মাস পর্যন্ত প্রকল্প চালিয়ে যেতে বরাদ্দ বাড়িয়ে ৪৮ হাজার কোটি টাকা করার প্রয়োজন হবে।
মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার জন্য ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১৪ লক্ষ আবেদনকারীর যাচাইপর্ব চলছে। সেই যাচাই সম্পূর্ণ হলে প্রকল্পের উপভোক্তার সংখ্যা আরও বাড়বে বলেই জানিয়েছেন তিনি।
শুভেন্দু অধিকারীর কথায়, “১ কোটি ৪৫ লক্ষের অনুমোদন দেওয়া হয়েছে। আরও ১৪ লক্ষের যাচাইপর্ব চলছে। উপভোক্তার সংখ্যা বাড়বে।”
তিনি আরও বলেন, “আমরা বাজেটে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছি। তাতে হবে না। মে মাস পর্যন্ত চালাতে ৪৮ হাজার কোটি টাকা লাগবে।”
উপভোক্তার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রকল্পের আওতা বজায় রাখতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হচ্ছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। ফলে আগামী বাজেট পর্বে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
মহিলাদের আর্থিক সুরক্ষা ও সামাজিক সহায়তার ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনাকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই অতিরিক্ত বরাদ্দের পরিকল্পনা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।











