স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখার পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন আর্জেন্টিনার মিডফিল্ডার এঞ্জো ফের্নান্দেজ। তবে ফাইনালে নিজের লাল কার্ড বা সেই বিতর্কিত মুহূর্ত নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ আবেগঘন বার্তায় সতীর্থদের প্রশংসা করেন এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চেলসির এই ফুটবলার।
২৫ বছর বয়সী ফের্নান্দেজ লেখেন, “একটা সময় আপনারা বুঝতে পারবেন, ফলাফলের থেকেও বড় কিছু ছিল। বছরের পর বছর ধরে এই দলটা সম্ভাব্য সেরা উপায়ে দেশের প্রতিনিধিত্ব করেছে। প্রতিযোগিতা মানে শুধু জয় নয়, বরং দেশের জার্সির জন্য সবকিছু উজাড় করে দেওয়া। কখনও হাল না ছাড়া। এই দলের অংশ হতে পারা এমন একটি স্মৃতি, যা আমি আজীবন লালন করব। এই দল সবসময় রুখে দাঁড়িয়েছে, শেষ পর্যন্ত লড়াই করেছে এবং গর্ব, বিনয় ও প্রতিশ্রুতির সঙ্গে দেশের জার্সির মর্যাদা রক্ষা করেছে।”
আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশেও কৃতজ্ঞতা জানান তিনি। ফের্নান্দেজ লেখেন, “আর্জেন্টিনার সব সমর্থককে ধন্যবাদ। সবসময় আমাদের পাশে থাকার জন্য, প্রতিটি ম্যাচে সমর্থন করার জন্য এবং নিঃশর্ত ভালবাসার জন্য কৃতজ্ঞ। আমরা বিশ্বের যে প্রান্তেই থাকি না কেন, আপনারা আমাদের সমানভাবে সমর্থন করেছেন। দেশের জার্সি পরা আমার কাছে সবচেয়ে বড় সম্মানের। যখনই এই জার্সির সম্মান রক্ষার জন্য আমাকে ডাকা হবে, আমি সাড়া দেব এবং নিজের সর্বস্ব উজাড় করে দেব।”
বিশ্বকাপ ফাইনালে ফের্নান্দেজ দু’টি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর বিদায়ের পর ম্যাচের একটি বড় অংশ ১০ জন ফুটবলার নিয়েই খেলতে হয় আর্জেন্টিনাকে। সেই ঘটনার পর থেকেই তাঁর লাল কার্ড নিয়ে ফুটবলমহলে আলোচনা চললেও, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় সেই প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
বরং নিজের বার্তায় তিনি দলের লড়াই, দেশের জার্সির প্রতি দায়বদ্ধতা এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছেন। ফলে ফাইনালের বিতর্কিত লাল কার্ড নিয়ে তাঁর অবস্থান এখনও স্পষ্ট হয়নি।











