ওয়েব ডেস্ক: পুজোর আগে ফের বদলাতে চলেছে বাংলার আবহাওয়ার মেজাজ (Weather Update)। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে নিম্নচাপটি অবস্থান করছে। নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টি?
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এক-দু’টি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
শুধু বৃষ্টিই নয়, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রপাত-সহ ঝড় এবং দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার এক-দু’টি জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। ফলে পুজোর প্রস্তুতির মাঝেই কয়েকদিন আবহাওয়ার ওঠানামা চলবে বলে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গে বাড়ছে বৃষ্টির নজর
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিংয়ে আগামী কয়েকদিন আবহাওয়ার দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।
১৬ ও ১৭ সেপ্টেম্বর উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।











