কলকাতা: সপ্তাহান্তেই মহালয়া। শেষ হবে পিতৃপক্ষ, সূচনা হবে দেবীপক্ষের। পুজোর ঢাকে কাঠি পড়ার আগে যখন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত বাংলা, তখনই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। নাছোড় বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়া পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় নামে ভারী বৃষ্টি। বৃষ্টির জেরে এ দিন দক্ষিণ কলকাতার লেক ভিউ রোডে একটি বড় গাছ ভেঙে পড়ে একটি গাড়ির উপর। এর ফলে সাময়িক যানজট তৈরি হয় এলাকায়। পরে গাছটি সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। ঘটনায় কেউ হতাহত হননি বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
বৃহস্পতিবার ঝড়বৃষ্টির আশঙ্কা
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মহালয়া পর্যন্ত দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দিনভর কলকাতার আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। শহরের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে এক-দু’পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে বৃহস্পতিবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। ফলে মহালয়ার আগের দিনও ভোগান্তির আশঙ্কা রয়েছে।
শুক্রবার এবং শনিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহালয়ার সকালে গঙ্গা ও বিভিন্ন জলাশয়ে তর্পণের জন্য বহু মানুষের ভিড় হয়। সেই সময়ও বৃষ্টি হলে পুণ্যার্থীদের সমস্যায় পড়তে হতে পারে।
কলকাতায় আর্দ্রতা ৯৭ শতাংশ
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৭ শতাংশের কাছাকাছি থাকতে পারে।
মঙ্গলবার রাতেও কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ৫.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত স্বস্তির খবর নেই। বৃহস্পতিবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুজোর প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, তখন মহালয়ার আগে এই বৃষ্টির পূর্বাভাস স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। এখন নজর, দেবীপক্ষের শুরুতে আবহাওয়ার মেজাজ কতটা বদলায়।











