Cyclonic Storm | ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! তোলপাড় হবে কোন ৬ জেলা?

spot_img
spot_img

ওয়েব ডেস্ক: বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় (Cyclonic Storm) তৈরির আশঙ্কা। তার প্রভাবে আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হতে পারে পশ্চিমবঙ্গেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্তত সাতটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথায় আছড়ে পড়তে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড়, তার গতিপথই বা কী হবে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু জানাতে পারেননি আবহবিদেরা। নিম্নচাপের গতিপ্রকৃতি এবং শক্তিবৃদ্ধির উপর নজর রাখছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার ভোরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে। শনিবারের মধ্যে নিম্নচাপটি আরও সুস্পষ্ট রূপ নিতে পারে। এর পর শক্তি বাড়িয়ে রবিবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুকূল পরিস্থিতি থাকলে সোমবার সন্ধ্যার মধ্যে মধ্য বঙ্গোপসাগরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের শক্তি কতটা হবে, তার গতিপথ কোন দিকে থাকবে কিংবা কোথাও স্থলভাগে আছড়ে পড়বে কি না, তা এখনই স্পষ্ট নয়। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরেই এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন আবহবিদেরা।

কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

আপাতত ১৮ নভেম্বর, বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়ার কোনও পূর্বাভাস নেই। তবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দু’-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেখানকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টির আগে আরও নামবে পারদ?

ঘূর্ণিঝড়ের সম্ভাবনার মধ্যেই রাজ্যজুড়ে বজায় রয়েছে শীতের আমেজ। উত্তুরে হাওয়ার প্রভাবে উত্তর থেকে দক্ষিণ—দুই বঙ্গেই তাপমাত্রা কিছুটা কমেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে আরও প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস।

আপাতত রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গেও তাপমাত্রার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস নেই। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তিবৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামী সপ্তাহে আবহাওয়ার পরিস্থিতি বদলাতে পারে। ফলে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ এবং তার প্রভাব নিয়ে আগামী কয়েক দিন আবহবিদদের নজর থাকবে বঙ্গোপসাগরের উপরেই।

spot_img
spot_img

More like this

Big News

MS Dhoni | ‘মাহি মার রাহা হে…’ এটা আর কোনও দিন শোনা যাবে না!

স্পোর্টস ডেস্ক: কিছু বিদায় চোখে জল এনে দেয়, আর কিছু বিদায় মেনে নেওয়ার সাহসটুকুও কেড়ে নেয়…! এবার থেকে হয়তো আইপিএলের মঞ্চে মাহিকে সেই চেনা হলুদ জার্সিতে,...

Cyclonic Storm | ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়, কোথায়-কবে ল্যান্ডফল? বাংলায় কী হবে?

ওয়েব ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদদের নজর রয়েছে ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm) সম্ভাব্য গতিপথ ও শক্তিবৃদ্ধির উপর। পূর্বাভাস...

Gold Price | আরও কমল সোনার দাম, এখন কত টাকা?

ওয়েব ডেস্ক: ধনতেরসের পর কলকাতার বাজারে অনেকটাই কমল সোনা ও রুপোর দাম। গয়না কেনার পরিকল্পনা থাকলে এই দরপতন স্বস্তি দিতে পারে ক্রেতাদের। স্বর্ণ শিল্প বাঁচাও...
spot_img