ওয়েব ডেস্ক: সপ্তাহে পাঁচ দিন কাজ এবং দু’দিন সাপ্তাহিক ছুটির দাবিতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে টানা তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (UFBU)। এই পরিস্থিতিতে গ্রাহকদের পরিষেবা সচল রাখতে পাল্টা পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবারও ব্যাঙ্কের শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
RBI-এর তরফে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রাহকদের সুবিধা এবং ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক রাখার স্বার্থেই রবিবার ব্যাঙ্কের শাখাগুলি খোলা রাখতে হবে। ফলে ধর্মঘট শুরুর আগের দিন, অর্থাৎ ২৭ সেপ্টেম্বর রবিবার, ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে।
উল্লেখ্য, সপ্তাহে ২ দিন ছুটির দাবিতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর শুধু সাপ্তাহিক ২ দিন করে ছুটির দাবিতেই ধর্মঘট নয়, বেতন কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন ধর্মঘটকারীরা। বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্মীদের সঙ্গে অধস্তন কর্মীদের বেতনের বিরাট তারতম্য। সেই বৈষম্য দূর করার দাবিও তুলেছেন আন্দোলনকারীরা। এখনও পর্যন্ত এর কোনও সুরাহা হয়নি।
টানা তিনদিন ধর্মঘটের ডাক দেওয়ায় পাল্টা কড়া অবস্থান নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখে ২৭ সেপ্টেম্বর, রবিবার ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।











