ওয়েব ডেস্ক: বড়পর্দায় সাধক বামাক্ষ্যাপার চরিত্রে ফিরছেন সব্যসাচী চৌধুরী। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’ (Sadhak Bamakhyapa)। তবে তার আগেই ছবির যাত্রা শুরু হচ্ছে বীরভূমের বোলপুর থেকে। কলকাতায় নয়, মুক্তির আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার বোলপুরেই আয়োজিত হবে ছবির প্রিমিয়ার। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, বামাক্ষ্যাপার জন্মভূমির প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ উদ্যোগ।
বামাক্ষ্যাপার জেলা বীরভূমেই প্রথম দর্শকদের সামনে আসবে এই ছবি। বোলপুরের প্রেক্ষাগৃহগুলিতে প্রথম দেখানো হবে ‘সাধক বামাক্ষ্যাপা’। এর আগে প্রায় ২৫ বছর আগে বীরভূম থেকেই মুক্তির যাত্রা শুরু হয়েছিল জিৎ অভিনীত ছবি ‘সাথী’র। আড়াই দশক পর ফের সেই পথেই হাঁটতে চলেছে টলিউডের এই নতুন ছবি। বামাক্ষ্যাপার জন্মস্থানের সঙ্গে আবেগের যোগকে গুরুত্ব দিয়েই বীরভূমকে প্রিমিয়ারের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।
ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর বড়পর্দায় সাধক বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচীকে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। প্রথমে ছবিটি ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ওই একই দিনে নীতেশ তিওয়ারী পরিচালিত ‘রামায়ণ’ মুক্তির কথা থাকায় প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা ছিল। সেই কথা মাথায় রেখেই ‘রামায়ণ’-কে সম্মান জানিয়ে ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।
ছবিতে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করা নিয়ে আগেই নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন সব্যসাচী। অভিনেতার কথায়, বাঙালির মনে বামাক্ষ্যাপাকে ঘিরে গভীর আগ্রহ রয়েছে। তারাপীঠে ভক্তদের ভিড় দেখেই বার বার সেই বিষয়টি উপলব্ধি করেছেন তিনি।
এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে সব্যসাচী জানিয়েছিলেন, “এই শেষ। আর আমাকে এই চরিত্রে দেখা যাবে না। আসলে বামাক্ষ্যাপার পুরো জীবনটাই প্রায় এই ছবিতে দেখানো হয়ে গিয়েছে। চেষ্টা করেছি সমস্তটা দিয়ে ফুটিয়ে তোলার। জন্ম থেকে মৃত্যু, সবটাই দেখানো হয়ে গিয়েছে। তাই আমার তরফ থেকে আর কিছু বাকি নেই।”
ছবিতে তারা মায়ের চরিত্রে অভিনয় করেছেন পায়েল দে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাহেব চট্টোপাধ্যায় এবং মোনালিসা চট্টোপাধ্যায়। সব মিলিয়ে সাধক বামাক্ষ্যাপার জীবনকাহিনি বড়পর্দায় কী ভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল, এখন সেটাই দেখার অপেক্ষা। তবে কলকাতার বদলে বোলপুর থেকে ছবির যাত্রা শুরু করার সিদ্ধান্তে এই ছবির সঙ্গে বীরভূমের আবেগের যোগ আরও বিশেষ মাত্রা পেল।











