India vs New Zealand | ৮৯ রানে অলআউট! লজ্জার নজির গড়ে হার ভারতের

spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ এক দিনের ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল ভারত (India vs New Zealand)। ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই কোনও রান না করে তিন উইকেট হারায় ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার—তিন তারকাই শূন্য রানে সাজঘরে ফেরেন। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেননি ভারতের ব্যাটারেরা। শেষ পর্যন্ত ২৬.৪ ওভারে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ফলে ২৪৪ রানের বিশাল জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান কমিয়ে ১-২ করল কিউয়িরা।

৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা আক্রমণাত্মক করার প্রয়োজন ছিল ভারতের। কিন্তু ইনিংসের প্রথম ওভারেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় দল। অভিজ্ঞ রোহিত ও বিরাটের উপরই ছিল মূল ভরসা। অথচ প্রথম ওভারের শুরুতেই পরপর দু’জনকে হারায় ভারত। তাঁদের কেউই রানের খাতা খুলতে পারেননি। ওভারের শেষ বলে শ্রেয়স আয়ারও এলবিডব্লিউ হয়ে ফিরলে ভারতের স্কোর দাঁড়ায় শূন্য রানে তিন উইকেট।

ম্যাট হেনরির প্রথম ওভারেই ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে যায়। পরবর্তী সময়েও তাঁর দাপট অব্যাহত থাকে। ২৭ রান দিয়ে ছয় উইকেট তুলে নেন হেনরি। তাঁকে যোগ্য সঙ্গত দেন ম্যাথিউ ফিশার। ৩১ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। কাইল জেমিসনের ঝুলিতে যায় একটি উইকেট।

এই প্রথম নয়, এর আগেও এক দিনের ক্রিকেটে একই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন রোহিত ও কোহলি। ২০১০ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে এমন ঘটনা ঘটেছিল। অর্থাৎ, দ্বিতীয় বার এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দু’জনেই রান না করে সাজঘরে ফিরলেন।

এক দিনের ক্রিকেটে কোনও রান না করেই তিন উইকেট হারানোর ঘটনা এর আগে ঘটেছে চার বার। চলতি বছরেই মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে একই পরিস্থিতিতে পড়েছিল অস্ট্রেলিয়া। ১৯৮৩ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম এমন বিপর্যয়ের মুখে পড়েছিল পাকিস্তান। ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধেও একই ঘটনা ঘটেছিল। এ বার সেই তালিকায় যুক্ত হল ভারতের নাম।

প্রথম তিন উইকেট হারানোর পর ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ও দলকে ভরসা দিতে পারেননি। মাত্র পাঁচ রান করে জেমিসনের বলে আউট হন তিনি। ফলে ৯ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ভারত।

এর পর আর বড় কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ভারতীয় ব্যাটারেরা। ঈশান কিশন ৫৩ বলে ২৭ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। অক্ষর পটেল করেন ৩৬ বলে ২১ রান। নমন ধীরের ব্যাট থেকে আসে ২৪ বলে ২১ রান। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। আকিব নবি করেন পাঁচ, কুলদীপ যাদব এক এবং গুরনুর ব্রার দুই রান।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আয়ার। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৩ রান তোলে নিউজ়িল্যান্ড। কিউয়িদের ইনিংসের প্রধান আকর্ষণ ছিলেন উইল ইয়ং। ১০৮ বলে ১২৫ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ১৪টি চার ও চারটি ছক্কা।

অন্য ওপেনার টিম সেইফার্টও কার্যকরী ইনিংস খেলেন। ৪৮ বলে ৫৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ছ’টি চার ও তিনটি ছক্কা। ওপেনার অ্যালেন ৩০ বলে ৪১ রান যোগ করেন। এ ছাড়া মিচেল স্যান্টনার ২৪, ক্রিস্টিয়ান ক্লার্ক ২২ এবং কাইল জেমিসন অপরাজিত ১৯ রান করেন।

নিউজ়িল্যান্ডের ব্যাটিংয়ের সময় পিচে বিশেষ কোনও সমস্যা চোখে পড়েনি। বরং ব্যাটারদের জন্য পরিস্থিতি যথেষ্ট অনুকূল ছিল। ভারতীয় ফিল্ডিংয়েও একাধিক দুর্বলতা দেখা যায়। বিশেষ করে স্লিপে রোহিত শর্মার একটি সহজ ক্যাচ ফস্কানো দলের সমস্যাকে আরও বাড়ায়।

ভারতের হয়ে বল হাতে অক্ষর পটেল, আকিব নবি এবং গুরনুর ব্রার প্রত্যেকেই দু’টি করে উইকেট নেন। অক্ষর ৩৯, নবি ৫৯ এবং গুরনুর ৬৯ রান খরচ করেন। নমন ধীর ২৯ রানে একটি উইকেট পান। আর্শদীপ সিং ৫৫ রান দিয়ে একটি উইকেট নেন।

ব্যাটিং বিপর্যয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের দুর্বলতাও এ দিন ভারতকে ভুগিয়েছে। অন্য দিকে, ব্যাটে উইল ইয়ংয়ের শতরান এবং বলে ম্যাট হেনরির ছয় উইকেটের সুবাদে দাপুটে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে সিরিজে ফের লড়াইয়ে ফিরল কিউয়ি দল।

spot_img
spot_img

More like this

Big News

MS Dhoni | ‘মাহি মার রাহা হে…’ এটা আর কোনও দিন শোনা যাবে না!

স্পোর্টস ডেস্ক: কিছু বিদায় চোখে জল এনে দেয়, আর কিছু বিদায় মেনে নেওয়ার সাহসটুকুও কেড়ে নেয়…! এবার থেকে হয়তো আইপিএলের মঞ্চে মাহিকে সেই চেনা হলুদ জার্সিতে,...

Cyclonic Storm | ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়, কোথায়-কবে ল্যান্ডফল? বাংলায় কী হবে?

ওয়েব ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদদের নজর রয়েছে ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm) সম্ভাব্য গতিপথ ও শক্তিবৃদ্ধির উপর। পূর্বাভাস...

Gold Price | আরও কমল সোনার দাম, এখন কত টাকা?

ওয়েব ডেস্ক: ধনতেরসের পর কলকাতার বাজারে অনেকটাই কমল সোনা ও রুপোর দাম। গয়না কেনার পরিকল্পনা থাকলে এই দরপতন স্বস্তি দিতে পারে ক্রেতাদের। স্বর্ণ শিল্প বাঁচাও...
spot_img